আজকের ছাত্রছাত্রীরাই আগামীর দেশ গড়ার কারিগর --------- নিক্সন চৌধুরী এমপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৬

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত্ এবং দেশ গড়ার কারিগর। তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা হবে দেশের সম্পদ। আজ উন্নত বিশ্বে জনগণ কোনো সমস্যা নয় বরং সম্পদ। স্বশিক্ষিত ও প্রযুক্তি বিষয়ে শিক্ষিতরাই সম্পদ সৃষ্টি করে। আয়তনে ছোটো হলেও আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এই সাফল্য বাস্তবায়ন করতে হলে সবাইকে দেশ ও জনগণের উন্নয়নে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।’ তিনি গত শনিবার বিকেলে সদরপুর উপজেলার আকটেরচর এসসি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি আবদুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী।