সিলেট অফিস
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার ১২টা ৫৫ মিনিটে বিজি-২০৮ বিমানটি প্রথমবারের মতো সিলেট বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। ২৯৭ জন যাত্রী নিয়ে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২৮৫ জন সিলেটের যাত্রী ছিলেন বাকি ১২ জন ঢাকার যাত্রী।
প্রায় ৮ বছর পর ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। রবিবার সকালে ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে
ম্যানচেস্টার থেকে ফেরার পথে সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার ম্যানচেস্টার থেকে সরাসরি বিমান সিলেট আসবে। সিলেট থেকে আবার যাবে ঢাকায়। এভাবে সপ্তাহে তিন দিন ঢাকা-ম্যানচেস্টার-সিলেট রুটে পরিচালিত হবে বিমানের ফ্লাইটটি। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও সিলেটের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান বিমানের ডি জি এম পাবলিক রিলেশন তাহেরা খন্দকার, বিমান সিলেটের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এটি এম শোয়েব, সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, অ্যাসোসিয়েশন ট্রেভেলস এজেন্ট অব বাংলাদেশ আটাব সিলেট জোন এবং হাব সিলেটের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, হাব সেক্রেটারী জহিরুল কবির চৌধুরী শীরু, আটাবের সেক্রেটারী গিয়াস উদ্দিন আমজাদসহ সিলেট হাব ও আটাব নেতৃবৃন্দ । উল্লেখ্য, ম্যানচেস্টার-সিলেট রুটে ফ্লাইট চালু সিলেটবাসী ও প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হলো। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
