মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
সংস্কারের অভাবে মীর্জাগঞ্জের প্রধান ডাকঘর সুবিদখালী ডাকঘরের অবস্থা বেহাল হয়ে পড়েছে। আর এই ভবনেই ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিনে দেখা গেছে, ১৯৭৯ সালে ভবনটি নির্মাণের পর এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। ফলে বহু বছরের পুরোনো ভবনের ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ ও দেয়ালের পলেস্তারা অনবরত খসে পড়ায় বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ে অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। এছাড়া দরজা-জানালার অবস্থাও জরাজীর্ণ। যেকোনো সময় ভবনটি ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এদিকে ডাকঘরের বিদ্যুত্ সঞ্চালন লাইনও অকেজো হয়ে পড়েছে। মীর্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ডাকঘরের পোস্টমাস্টার শংকর চন্দ্র শীল জানান, জরাজীর্ণ এ ডাকঘরটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার লেখালিখি করা সত্ত্বেও সংস্কারের জন্য কোনো আর্থিক বরাদ্দ পাওয়া যায়নি। পটুয়াখালী জেলার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কবির আহমেদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুতই ডাকঘর সংস্কারের ব্যবস্থা করা হবে।
