ফুলগাজীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কারাগারে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০১

ফেনী প্রতিনিধি ও পরশুরাম সংবাদদাতা

ফেনীর ফুলগাজী উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি আবু বক্কর সিদ্দিক ওরফে সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বিকালে ফুলগাজীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুব জ্যোতি পালের আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভোরে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ।  সোহাগ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদ ভুঞার ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ি থেকে কোচিং করতে বিদ্যালয়ে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে সোহাগ গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে ফুলগাজী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান বলেন, ফুলগাজী থানার ধর্ষণ মামলার মূল আসামি সোহাগকে গ্রেফতার করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।