মানবিকতার কুিসত এক স্তর

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০৬

মো. রাফছান আহমেদ

দেশটা দিনদিন নষ্টদের অধিকারে চলে যাচ্ছে। নিয়ম থাকলেও কোথাও সেই নিয়মের নেই যথাযথ প্রয়োগ। রুম্পাকে বিসর্জনের মধ্য দিয়ে একাত্তরে অর্জিত ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতার এই দূরবস্থার আরো একটি প্রায়শ্চিত্ত করল বাংলাদেশ। জানি না, এই অপয়া সংস্কৃতির সংক্রামক ব্যাধিটা ঠিক কোন প্রতিষেধকে দূর হবে। হিংস  নপুংসকদের সংখ্যাটা দিনদিন বেড়েই চলছে। পত্রিকা খুললেই নতুন করে আবিষ্কৃত হয় আরো কত শত অমানুষের। মানবতা ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে চুপিসারে, তিলে তিলে, নিরবে নিভৃতে। কয়েক দিন ধরেই ফেনির সেই নপুংসকটার কথা মনে পড়ছে, নিজের ইচ্ছে পূরণে ব্যর্থ কাপুরুষটা ঐ মেয়েটাকে আগুনে পুড়িয়ে মারল। এভাবে, একদিন নুসরাত, একদিন তনু, একদিন সাবিহা, একদিন খাদিজা, একদিন রত্নার মতো করে সবার মাঝেই এই নপুংসকদের থাবা ছড়িয়ে পড়বে। ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে উদ্ধারকৃত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পাও ছাড়া পায়নি এই অমানুষের হাত থেকে। এই নরখাদকদের থাবা থেকে আমাদের নিজেদের বোনরা রক্ষা পাবে তো? আর আমাদের ভবিষ্যত্ প্রজন্ম? বিচার পায়নি পূর্বেরজনরাও। রুম্পার মৃত্যুও হয়তো হাঁটছে একই পথে। ধর্ষণ পরিণত হচ্ছে বিচারহীন অধিকারে। এই অনিয়মের সুযোগটা খুব করেই বেড়ে যাচ্ছে, সুযোগ নিচ্ছে নামধারী কিছু ভণ্ড প্রতারক সাধু। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তিটাই যেন ওদের দেওয়া হয়।

মানুষ আর মানুষের জন্য নেই। ভূপেন হাজারিকার গানের সার্থকতা ঘুচে গেছে আরো অনেক আগে। ছোটো বেলায় নানুর বাড়িতে শেখা ভ্রাতৃত্ব, আতিথেয়তা, মিলমিশের এখন আর চাইলেই দেখা মেলে না। এক ঘরের আলু ভর্তা খেয়ে তৃপ্তির ঢেকুর দেওয়া মানুষ আজ হারাতে চলেছে। মানুষে মানুষে ভালোবাসার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে নিয়ন্ত্রণহীন কলহ। ঘরে পড়ে মরে থাকলেও কারো কিছু যায় আসে না এখন। অনিয়মের এই খেলা পৌঁছে গেছে দূরান্তের সেই শান্ত, নিবির গ্রামগুলোতেও। স্বার্থ প্রয়োজনে দুই দেওয়ালের মধ্যে তৃতীয় দেওয়াল উঠছে আজকাল। সুযোগ পেলেই উঠে বসছে আপন রক্তের ওপর, খুবলে খাচ্ছে জ্যান্ত শরীর, টাকার ভাগবাঁটোয়ারা হচ্ছে জোরের শক্তিতেই। জীবনের নিরাপত্তা কমে গেছে পূর্বের তুলনায় শত গুণ। হত্যা, ধর্ষণ, লুটতরাজ, জখমের মতো অপকর্মের তালিকা দিনকে দিন বড়োই হচ্ছে। আধুনিকতার নামে মানুষ নেমে গিয়েছে মানবিকতার কুিসত এক স্তরে। যেভাবে আধুনিকতার খেলায় মেতে উঠেছে দেশ, নপুংসকদের সংখ্যা যে হারে বেড়ে চলেছে, যেভাবে মানবতার বিলুপ্তি ঘটছে, কয়েক যুগ পর পৃথিবী কোথায় এসে দাঁড়াবে?

লেখক : শিক্ষার্থী, মেরিন সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়