হামেসকে চান অ্যানচেলত্তি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১৯

কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে এভারটনে চান কোচ কার্লো অ্যানচেলত্তি। বাম হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরলেও শনিবার গেতাফের বিপক্ষে ম্যাচটিতে দলে ছিলেন না হামেস। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মিররের সূত্র মতে, হামেসকে দলে নেবার ব্যাপারে বেশ কয়েক বার এভারটনের বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন আনচেলত্তি। রিয়ালে ফেরার পর তাকে নিয়ে জিদান দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা করেননি বলেই জানা গেছে। এ কারণেই এভারটনের বিশ্বাস, অন্তত ধারে হলেও হামেসকে পাবে তারা। তবে মৌসুমের মাঝামাঝিতে এসে হামেসকে রিয়াল ছাড়বে কি না তা নিয়েও থাকছে প্রশ্ন। ফলে শীতকালীন দলবদলে না হলেও আসছে জুনের গ্রীষ্মকালীন দলবদলে হামেসকে পাওয়ার আশা করছে লিভারপুলের দলটি।