আজ থেকে শুরু চূড়ান্ত লড়াই

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:২০

স্পোর্টস রিপোর্টার

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস আজ ঢাকা পর্বের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ দিয়ে এবার বিপিএলে নিজের খেলা শুরু করতে পারেন ক্রিস গেইল।

চট্টগ্রাম ও রাজশাহী ১০ ম্যাচে ১৪ পয়েন্ট করে নিয়ে ইতিমধ্যে সেরা চার নিশ্চিত করে ফেলেছে। এখন তাদের শীর্ষে থাকার লড়াই। এছাড়া ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে মোটামুটি পা দিয়ে রেখেছেন ঢাকা প্লাটুন্স। বাকি তিন ম্যাচে একটি জয় হলেই নিশ্চিত তারা। খুলনা টাইগার্স শেষ দিকে এসে ছন্দ হারিয়ে ফেলেছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তাদের বাকি তিন ম্যাচে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে।

সিলেট তাদের ঘরের মাটির পর্ব শুরুর আগেই সেরা চারের লড়াই থেকে ছিটকে গেছে। রংপুরও একরকম ছিটকে গেছে এই লড়াই থেকে। ১০ ম্যাচে ৮ পয়েন্টের মালিক রংপুর বাকি দুই ম্যাচ জিতলেও লাভ নেই। কুমিল্লা প্রায় অসম্ভব স্বপ্নে ছুটছে। ঢাকা বা খুলনা যদি সব ম্যাচ হারে এবং তারা যদি বাকি তিনটি ম্যাচ জেতে তাহলে সেরা চারে যেতে পারবে তারা।

ঢাকায় এই পর্বের প্রথম দিনে আজ প্রথম ম্যাচে কুমিল্লা ও সিলেট এবং দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও রাজশাহী লড়াই করবে। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে দুটি প্লেঅফ-এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ১৫ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর ১৭ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।