ইমনকে দুদকে তলব, তথ্য চেয়ে ডিসিকে চিঠি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পাওয়ার গ্রিডের সাবেক পরিচালক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী ১৫ জানুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জ পাওয়ার গ্রিড কোম্পানির বিদ্যুত্ সাব স্টেশন নির্মাণ প্রকল্পের জন্য জমির হুকুম দখলের বিষয়ে সকল তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। ইমনের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে সংস্থাটির উপপরিচালক মো. নূরুল হুদা এ চিঠি পাঠিয়েছেন।

ইমনের কাছে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়েছে, জাতীয় পাওয়ার গ্রিডের সাবেক পরিচালক এনামুল কবির ইমনের বিরুদ্ধে তদবির বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাত্সহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে ১৫ জানুয়ারি সকাল ১০টায় তাকে দুদকে হাজির হতে হবে। অন্যথায় অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে দুদক মনে করবে। একই সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে ইমনের বিভিন্ন দুর্নীতির তথ্য উল্লেখ করা হয়েছে। ঐ চিঠিতে সুনামগঞ্জ পাওয়ার গ্রিড কোম্পানির জন্য বিদ্যুত্ সাব স্টেশন নির্মাণ প্রকল্পের অনুকূলে আরজ আলীর জমির হুকুম দখলের বিষয়ে ১৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।