টিসিবির ন্যায্যমূল্যের ডিলাররা ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করায় দাম কমতে শুরু করেছে এখানকার পাইকারি ও খুচরা বাজারে। বিক্রেতা ও ক্রেতারা জানিয়েছেন কিছু দিন ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি হলেও গত সপ্তাহ থেকে হঠাত্ করে ২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হতে থাকে। টিসিবির পেঁয়াজও ৪৫ টাকা দরে বিক্রি হয়ে আসছিল। কিন্তু গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, টিসিবির পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর সাতটি স্পটে সাত জন ডিলার ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করায় বাজারে এক দিনের ব্যবধানেই দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। গতকাল সোমবার বরিশালের পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা গেছে, ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা সম্প্রতি বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন দেখিয়ে পেঁয়াজের দাম বাড়ালেও টিসিবির একাধিক ডিলার নগরী জুড়ে ন্যায্যমূল্যে বিক্রি করায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল নগর ভবনের সামনে, সিএন্ডবি রোড চৌমাথা, জেলা প্রশাসক কার্যালয় চত্বর, বটতলা মোড়সহ সাতটি স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। সাত জন ডিলার সাত টন পেঁয়াজ বিক্রি করেছে। প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পেরেছেন। টিসিবি বরিশালের অফিস প্রধান মো. আনিচুর রহমান জানান, প্রতি ডিলারকে প্রতিদিন এক টন করে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। নতুন করে ৫০ টন পেঁয়াজ বরিশালের গোডাউনে এসে পৌঁছেছে। এছাড়াও পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, যা পর্যায়ক্রমে ডিলারদের ন্যায্যমূল্যে বিক্রির জন্য দেওয়া হবে।
