কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ করতে হবে, এতে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারবেন। আমরা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উত্পাদন নিশ্চিত করতে চাই। এ জন্য কৃষির ওপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা যদি সবাই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি, তবে সব ক্ষেত্রেই আমরা উন্নতি ও সুশাসন নিশ্চিত করতে পারব।’
মন্ত্রী গতকাল সোমবার সকালে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) আয়োজিত ‘কৃষক-উদ্যোগ :বাণিজ্যিক কৃষির উদীয়মান চালক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাটার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম এ সাত্তার মণ্ডল। বক্তব্য রাখেন কৃষিসচিব মো. নাসিরউজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মুয়িদ, নাটার উপপরিচালক ড. মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার প্রমুখ।
