নাশকতার মামলায় বগুড়া বিএনপির ৪৯ নেতার জামিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৩১

পুলিশের কর্তব্যকাজে বাধাদান ও নাশকতার মামলায় বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ ৪৯ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। জেলা যুবদলের আহ্বায়ক ছাড়াও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখও জামিন পেয়েছেন। আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। এরপর নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারি বগুড়া শহিদ মিনারে জমায়েত হয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ছয়শ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে পুলিশ। এ মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান নেতাকর্মীরা।