সিটি নির্বাচন পেছাতে রিট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৩২

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। চলতি সপ্তাহে রিট শুনানির জন্য এখতিয়ারসম্পন্ন যে কোনো ডিভিশন বেঞ্চে পেশ করা হবে বলে জানান ঐ আইনজীবী।

আগামী ৩০ জানুারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণের জন্য দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। কিন্তু রিটকারী আইনজীবী জানান, ২৯ জানুয়ারি অর্ধবেলা থেকে ৩০ জানুয়ারি অর্ধবেলা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। এই পূজা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কয়েক দিন আগে থেকেই ভোট গ্রহণের বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে। ফলে পূজা উদ্যাপনের বিষয়টি বাধাগ্রস্ত হবে। এ কারণে ৩০ জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হোক।