সিটি নির্বাচন :আপিল শুনানির প্রথম দিন

প্রার্থিতা ফিরে ফেলেন ১৩ জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৩২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয় পার্টি-জাপার মেয়র পদের প্রার্থিতা হারানো জি এম কামরুল ইসলাম আপিলেও তার প্রার্থিতা হারিয়েছেন। সোমবার সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের আপিল শুনানিতে তার আপিল আবেদন নামঞ্জুর করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মোট ৪৩ জন আপিল করেছিলেন। এরমধ্যে গতকাল ১৯ জনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং পাঁচ জনের প্রার্থিতা আপিলেও বাতিল করা হয়েছে, এক জনের বিষয়টি অপেক্ষমাণ রয়েছে। আর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। বাকি ২৪ জন প্রার্থীর শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সোমবার উত্তর সিটিতে এক জন মেয়রসহ মোট ছয় জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে জাপার মেয়র ও তিন জন কাউন্সিলরের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং দুই জন কাউন্সিলরের আপিল আবেদন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজা। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজনের আবেদন অপেক্ষমাণ রয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার আবার শুনানি হবে। আর ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের এক জন নারী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ হওয়া অন্য এক নারী প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন। তার আপিল আবেদন বাতিল হয়েছে। আপিলেও বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জাপার মেয়র পদের প্রার্থী জি এম কামরুল ইসলাম বলেন, তিনি দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এরপর প্রয়োজন হলে উচ্চ আদালতে আপিল করবেন। ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মো. সেলিম রেজা বলেন, দুই সিটির মোট ১৯ জনের শুনানি শেষ হয়েছে। বাকি প্রার্থীদের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।