অপহরণের এক দিন পর বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৪৬

অপহরণের এক দিন পর উদ্ধার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে। গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একটি আলুখেত থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।

তিনি বলেন, গতকাল ফয়েজকে সিরাজদীখানের একটি আলুখেতে পাওয়া যায়। কৃষকেরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল রাত ৮টার দিকে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন তাকে দেখতে হাসপাতালে যান।

এর আগে রবিবার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।