গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আলেমা আকতার (৬) ও সেলিনা আকতার (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
মৃত আলেমা আকতার ওই গ্রামের আলম মিয়ার মেয়ে এবং মৃত সেলিনা আকতার একই উপজেলার গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামের সাইফুল হকের মেয়ে। সেলিনা আকতার নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু জানান, মঙ্গলবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পেছনে পুকুর পাড়ে বল খেলছিল। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হলেও শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা শিশু দুটির মৃতদেহ ও বলটি পুকুরে ভাসতে দেখে।
আরও পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে অফিস থেকে বের করে দিলেন তিন প্রধান শিক্ষক!
তিনি আরও জানান, পরিবারের লোকজন ধারণা করছেন খেলার এক পর্যায়ে বলটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন ওই দুই শিশু বলটি নিয়ে আসার জন্য পুকুরের পানিতে নামলে তারা তলিয়ে যায়।
ইত্তেফাক/নূহু

