রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্বত বিষয়ক চলচ্চিত্র উত্সব ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। এটি আয়োজন করছে পাহাড়-পর্বত বিষয়ক প্লাটফর্ম অদ্রি। আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকার নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উত্সব। দিনব্যাপী এ উত্সবে বিভিন্ন দেশের মোট ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা আরও জানিয়েছেন, এবারই প্রথম এই চলচ্চিত্র উত্সব আয়োজন করা হয়েছে। এই উত্সবে শরীর চর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাখা হয়েছে প্রদর্শনীর তালিকায়।
মাত্র ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই আসরের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।
প্রসঙ্গত, অদ্রি গঠনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাহাড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ইট-পাথরের ঢাকায় বসে পর্বতকে চেনার শ্রেষ্ঠতম মাধ্যমগুলোর একটি হচ্ছে চলচ্চিত্র। এ লক্ষ্য সামনে রেখেই ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ আয়োজন করা হচ্ছে।
