দুই স্পিডবোটে সংঘর্ষ নিখোঁজ এক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১১

 গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় সোমবার সন্ধ্যায় আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী একটি স্পিডবোট উলটে একজন নিখোঁজ ও তিন জন আহত হয়েছে। আহত স্পিডবোট চালক মাহবুব বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং গলাচিপা পৌর এলাকার মো. সেকান্দার গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। সাহাবুদ্দিন সিকদার প্রাথমিক চিকিত্সা শেষে বাড়ি ফিরে গেছেন।

পানপট্টি লঞ্চঘাটের স্পিডবোটের পরিচালক মো. মোমেন বলেন, সোমবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি লঞ্চঘাট আসছিল। পানপট্টি লঞ্চঘাটের কাছাকাছি আসলে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে পায়রা সমুদ্র বন্দরের অপর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উলটে যায়। এসময় বোটে থাকা চার জনকে পাওয়া গেলেও অজ্ঞাত এক যাত্রী নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ড মঙ্গলবার সকাল থেকে ঘটনাস্থলের আশপাশ আগুনমুখা নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালায়। তবে বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। তবে সব ধরনের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।