কুলাউড়ায় অচেতন অবস্থায় শিক্ষক দম্পতি উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১৩

গৃহপরিচারিকাকে সন্দেহ

g  কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া পৌর শহরের টিটিডিসি এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় প্রবীন শিক্ষক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। মঙ্গলবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান  ফেরেনি। বর্তমানে তারা সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন বলে জানা গেছে। ঐ বাড়ির গৃহপরিচারিকা পলাতক বলে জানা যায়।

সোমবার রাতে ঐ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাবেদ জিল্লুর বারি জানান, এদের অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। বয়স বেশি হওয়ায় এদের জ্ঞান ফিরতে সময় লাগছে, বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

গত শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হওয়া এ প্রবীণ দম্পতি হলেন—কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী (৮০) ও তার স্ত্রী খালেদা বেগম চৌধুরী (৬৫)। তাদের তিন সন্তান বর্তমানে বিদেশে বসবাস করেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার এক মহিলা তাদের বাসায় এসে গৃহপরিচারিকার কাজ নেয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবেশী তাদের বাসায় গিয়ে দেখেন দুই জন দুই বিছানায় অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন। ‘তাদের প্রেসার বেড়েছে, আপনি বসেন, আমি ওষুধ নিয়ে আসি বলে’ ঐ সময় গৃহপরিচারিকা বেড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ যাবত্ সে ফিরে না আসায় প্রতিবেশী মহিলার সন্দেহ হয়। তিনি আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুলাউড়া থানার এসআই (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ গৃহপরিচারিকার সন্ধান করছে। সে সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে।