এডিপি বাস্তবায়ন হার কমেছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১৯

ছয় মাসে বাস্তবায়ন ২৬ দশমিক ৩৬ শতাংশ

g ইত্তেফাক রিপোর্ট

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাত্ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কমেছে। চলতি অর্থবছরের এই সময়ে এডিপি বাস্তবায়িত হয়েছে ২৬ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২৭ দশমিক ৪৫ শতাংশ। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মো. নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমসহ কমিশনের সদস্যরা। মন্ত্রী জানান, এডিপিতে গত ছয় মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৫৬ হাজার ৭১২ কোটি ১২ লাখ টাকা। গত অর্থবছরের ছয় মাসে খরচ হয়েছিল ৪৯ হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে টাকার অঙ্কে বেশি খরচ হয়েছে। উল্লেখ্য, চলতি ২০১৯-২০ অর্থবছরে জন্য ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ ১২ হাজার ৩৯৩ কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। আর মন্ত্রণালয় হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ।