ফিলিস্তিনি ভূমিতে আরো ২ হাজার বসতি স্থাপন করছে ইসরাইল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:২০

অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে নতুন করে প্রায় দুই হাজার বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। সোমবার অধিগ্রহণবিরোধী ইসরাইলি পর্যবেক্ষক গ্রুপ পিস নাউ জানিয়েছে, এরই মধ্যে অনুমোদন পাওয়া প্রায় ৮০০ বাড়ি নির্মাণ শুরু হয়েছে। গ্রুপটি জানিয়েছে, আরও প্রায় এক হাজার ১৫০টি বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমি নিয়ন্ত্রণে নেয় ইসরাইল। অধিকৃত এসব ভূমিতে ইহুদি বসতি সম্প্রসারণ করে চলেছে তারা। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইনে ইসরাইল দখল করা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। তবে গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র জানিয়েছে, অধিকৃত এলাকায় ইসরাইলি বসতিকে আর অবৈধ বিবেচনা করবে না দেশটি।

পিস নাউ জানিয়েছে, যেসব অঞ্চলে নতুন বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে সেসব এলাকা ভবিষ্যতে ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি হলে খালি করে দিতে হবে। গ্রুপটি বলছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বেড়েছে। পিস নাউ এর বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু শান্তির সম্ভাবনা বিনষ্ট করে ইসরাইলকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে জাতিবিদ্বেষী রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। খবর টাইমস অব ইসরাইল।