রোনালদোর আরেকটি নজির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্তাসের হয়ে গত সোমবার রাতে ইতালির লিগটিতে প্রথম হ্যাটট্রিকের সুবাদে নতুন এক নজির গড়েন পর্তুগীজটি। ক্যাগলিয়ারির বিরুদ্ধে তিন গোলের সুবাদে রোনালদো হলেন ১০টি ভিন্ন প্রতিযোগিতায় হ্যাটট্রিক করা প্রথম স্ট্রাইকার। এছাড়াও ইতালি, ইংল্যান্ড, স্পেন ও বিশ্বকাপে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখানো প্রথম ফুটবলারও তিনি। যে ১০ প্রতিযোগিতায় হ্যাটট্রিক করেছেন, সেগুলো হলো-সিরি আ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, ইউরোপিয়ান কাপের বাছাই, উয়েফা ন্যাশন্স লিগ।

ক্রিশ্চিয়ানোর আলো ছড়ানো এই জয়ের পর তার দল ক্ষণিকের জন্য সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল। কিন্তু রাতের দিকে রোমেলো লুকাকুর জোড়া গোলে ইন্টার মিলান ৩-১ গোলে ন্যাপোলিকে হারিয়ে জুভেন্তাসকে টপকে যায়।

এরপর পাদপ্রদীপের আলো ছিল রোনালদোর দিকেই। কেননা জুভেন্তাসের হয়ে এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গেল মৌসুমে হ্যাটট্রিক করলেও ঘরোয়া লিগে এক সঙ্গে তিন গোলের দেখা পাচ্ছিলেন না। এরপর যদিও পর্তুগালের হয়ে তিনবার হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ডটি।

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৮ সালে জুভেন্তাসে যোগ দেওয়ার পর ৩৪ বছর বয়সি রোনালদো বর্তমানে ভালো ফর্মে আছেন। ইতালির লিগটিতে সর্বশেষ পাঁচ খেলাতেই গোল করেছেন তিনি। নিজের প্রসঙ্গে তিনি বলেন,‘বছরটি ভালোভাবেই শুরু হয়েছে। আমরা শেষ পর্যন্ত ভালো খেলেছি। অনেক সুযোগও তৈরি করি আমরা।’

তিনি আরো বলেন,‘গোলগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ। সিরি আতে আমার প্রথম হ্যাটট্রিক। আমরা প্রতিটি খেলাতেই উন্নতি করছি। শুধু রক্ষণভাগেই নয় সব বিভাগে। আমাদের সব দিক বিবেচনায় উন্নতি করতে হবে।’

পর্তুগীজটি এমন এক সময়ে গোলে ফিরলেন যখন সমালোচকদের তীর তাকে বিদ্ধ করছিল। এমনিতেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের বয়স হয়েছে। তাছাড়া ইতালিতে আসার পর তার নিয়মিত গোল করাও কমে গিয়েছিল। এ কারণেই রিয়ালে তার সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেল্লো তার ব্যাপারে কিছু রূঢ় মন্তব্য করেছিলেন।

ক্যাপেল্লো বলেছিলেন রোনালদোর দ্রুতগতিতে দৌড়ানো এবং বিপক্ষকে কাটানোর ক্ষমতা কমে গিয়েছে। এছাড়াও জুভেন্তাস কোচ মাউরিজিও সারি তাকে ভুল জায়গায় খেলাচ্ছেন। তার মতে, রোনালদোকে উইংয়ে না খেলিয়ে বক্সের ভেতরে নয় তো কোনো স্ট্রাইকারের পেছনে রেখে খেলানো উচিত।

ইতালীয় কোচ ক্যাপেল্লো বলেন,‘পেনাল্টি এলাকায় বলকে কীভাবে কাজে লাগাতে হবে এটা তার চেয়ে ভালো আর কেউ জানে না। সে আগের মতো দৌড়ানো এবং বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে যেতে পারে না। তাকে তাই বক্সে খেলাতে হবে, ইংলিশরা যেমনটা বলে থাকে।’

সাবেক কোচের এই মত হয়তো সঠিক, কিন্তু তার মধ্যেই রোনালদো এখনো তার পুরোনো সামর্থ্যের পুনরাবৃত্তি করে চলেছেন।