স্পোর্টস রিপোর্টার
আলোচনাটা তৈরি করেছিলেন হার্শেল গিবস। সিলেট থান্ডার্সের এই কোচ বলেছিলেন, তার ইংরেজি বুঝতে পারেন না স্থানীয় ক্রিকেটাররা। সেই সঙ্গে তিনি বলেছিলেন, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা কীভাবে রাসেল ডমিঙ্গোর কথা বুঝতে পারেন, সে নিয়ে তার সন্দেহ আছে। কিন্তু গতকাল সিলেটেরই অধিনায়ক আন্দ্রে ফ্লেচার বললেন, বাংলাদেশি ক্রিকেটারদের ভাষার কোনো সমস্যা নেই। এ নিয়ে কথা বলাটাই অর্থহীন মনে করেন তিনি।
গিবস বলেছিলেন, তিনি ইংরেজিতে কথা বলে যান এবং ক্রিকেটাররা মাথা নাড়েন। তারা বুঝতে পারেন না বলে অভিযোগ করেছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান। কিন্তু ফ্লেচার এই অভিযোগ শুনে বিস্মিত হয়েছেন বলেই গতকাল বলছিলেন, ‘আমি কোচ নই। আমার সাথে ক্রিকেটারদের খুব ভালো সম্পর্ক আছে। তারা আমার সব কথাই বুঝতে পারে। কোচের কাছ থেকে এরকম কথা শোনাটা আমার জন্য বিস্ময়কর ছিল।’
এরপর ফ্লেচার একটু ক্ষুব্ধ কণ্ঠেই বললেন, বাংলাদেশের খেলোয়াড়দের ইংরেজি না বোঝা নিয়ে বিবৃতি দেওয়াটা তিনি নিরর্থক মনে করেন। কারণ, এটাকে হারের অজুহাত বানানোর সুযোগ দেখেন না তিনি, ‘হারের জন্য আমাদের খেলোয়াড়দেরই দায় নিতে হবে। ভাষাকে দুষলে চলবে না। আমি মনে করি, বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ইংরেজিতেই কথা বলেন। ফলে আমার মনে হয়, বাংলাদেশি ক্রিকেটাররা ইংরেজি ঠিকই বুঝতে পারে। ফলে এ ধরনের বক্তব্য দেওয়াটা আমার কাছে কোনো অর্থ বহন করে না।’
