স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপজয়ী বসুন্ধরা কিংস আর রানার্স আপ রহমতগঞ্জের কাছে দুটি ভিন্ন কারণে শোকজ নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেমিফাইনালে বাংলাদেশ পুলিশকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সূচির কড়া সমালোচনাই করেছিলেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন। ফাইনালের প্রস্তুতির জন্য মোটে একদিন সময় পেয়েছিল দলটি, যেখানে রহমতগঞ্জ পেয়েছিল একদিন বেশি সময়। এ কারণেই মূলত সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেরেছিলেন স্প্যানিশ এই কোচ।
এরপর ফাইনালের আগে ক্লাবটির সভাপতি ইমরুল হাসান রেফারিং নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। পরে সে মন্তব্যটি সরিয়ে নিলেও শোকজের খড়গ নেমে এসেছে ক্লাবটির উপর। এদিকে ফাইনালের আগে রহমতগঞ্জের ড্রেসিং রুমে অযাচিত ব্যক্তিকে দেখা যায়। যার ফলে শোকজের নোটিশের মুখোমুখি হয় দলটি। জানা যায়, আগামী ৯ জানুয়ারির মধ্যে ক্লাবদুটির দেওয়া উত্তরের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
