নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার হাইস্কুল মাঠে বালক দলের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট পাস্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে ডোমার উপজেলার জোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে সৈয়দপুর উপজেলার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে ডোমার উপজেলার হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে ছিলেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
