সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি :নাসিম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২২:০৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বলেছেন, নির্বাচন গণতন্ত্রেরই অংশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান একটি অর্থবহ নির্বাচন করতে। আওয়ামী লীগ, বিএনপি, বাম দলসহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। কিন্তু ভোট গ্রহণের আগেই বিএনপি নানা অজুহাত ও অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না।

গতকাল মঙ্গলবার মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন ও পিপুলবাড়িয়া বাজারে প্রস্তাবিত মনসুরনগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে তার নির্বাচনী এলাকার প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে নাসিমের সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অসিম কুমার সরকার, জেলা আওয়ামী লীগ নেতা এহসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।