গোদাগাড়ীতে বাড়িতে ডেকে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণ কাউন্সিলরের ছেলেসহ গ্রেফতার ৩

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২২:০৮

গোদাগাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের পর ঐ বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলরের ছেলেসহ তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা হয়েছে। গ্রেফতার তিন জন হলো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে শ্রীমান্তপুর এলাকার অধিবাসী ওসমান গণি নুর (১৬), খন্দকার মো. ওবাইদুল হকের ছেলে রিদুয়ার আলী খন্দকার (১৬) ও জোদগোমাইদাস এলাকার মোস্তফার ছেলে তারেক রহমান (১৭)। এরা গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র।

জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসমানের। বিয়ের কথা বলে ঐ স্কুলছাত্রীকে গত সোমবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ঐ বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রাতেই ঐ বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। স্কুলছাত্রীর বাবা তিন জনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।