আড়াইহাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:১৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের গহরদী নয়াপাড়া গ্রাম থেকে রুবি (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  রাতে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রুবি ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের মরদাসাদী গ্রামের তারা মিয়ার কন্যা। সোমবার বিকালে পারিবারিক কলহের কারণে বিষ পান করলে তাকে পরিবারের লোকজন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

তবে নিহত রুবির ভাই আবুল হাসেম বলেন, আমার বোনের মুখে বিষ পানের কোনো গন্ধ নেই। আমার বোন সোমবার বিকালে মারা গেলেও আমাদেরকে রাতে জানানো হয়। এ মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা, না আত্মহত্য। থানায় ইউডি মামলা হয়েছে।