সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক থেকে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন।
দুদক সূত্র জানায়, সওজের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ কারণে তার এবং তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠির সঙ্গে জাওয়েদ আলম ও তার স্ত্রীর পাসপোর্টের কপি সংযুক্ত করে তাদের বিদেশযাত্রা রহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে, দুদকের কাছে তথ্য আছে, স্থাবর-অস্থাবর সব সম্পদ নগদায়ন করে স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।
