ফৌজদারি মামলা তদন্তে প্রভাব বিস্তার বন্ধের অনুরোধ পুলিশের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২১

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর তৃতীয় দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, মামলা তদন্ত এবং পুলিশের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা হয়। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আইনশৃঙ্খলা রিভিউ কমিটি নিয়ে আলোচনা করেন। তার মতে উক্ত কমিটির মাধ্যমে ফৌজদারি মামলা তদন্তে অতিমাত্রায় প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করা হয়েছে। তিনি এই কমিটির বন্ধের অনুরোধ করেন।

সিআইডির ডিআইজি শাহ আলম ফৌজদারি মামলায় যথাযথ সমন্বয়ের জন্য পুলিশের হাতে প্রসিকিউশন ফিরিয়ে আনার কথা বলেন এবং মেট্রোপলিটন থানা সমূহে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগের অনুরোধ করেন। র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ আইনশৃঙ্খলা রিভিউ কমিটি অধিকতর আইন সম্মত করার জন্য একটি সেমিনার করার আহ্বান জানান।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু পুলিশকে জনগণের পুলিশ হতে আহ্বান জানিয়েছিলেন। আমরা ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছি।