‘ইরাকে বাংলাদেশিরা নিরাপদে আছেন’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পরিস্থিতির মধ্যে ইরাকে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন। এ বিষয়ে ইরাকে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিষয়ে তিনি বলেন, এ বিশ্বায়নের পৃথিবীতে শান্তি ও স্থিতিশীলতা অবশ্যই প্রয়োজনীয় এবং বিশ্বের যে কোনো অংশে শান্তি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত হলে সবখানে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ১ কোটি ২২ লাখ বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশ বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়।

এদিকে, বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ এক ভিডিও বার্তায় ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তাদের উদ্বিগ্ন না হতে ও মনোবল না হারাতে বলেছেন। সেই সঙ্গে তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ রাখছেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে সর্বদা খোঁজ নিচ্ছেন। প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে দূতাবাস সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইরাকে ২ লাখের বেশি বাংলাদেশি নাগরিক রয়েছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুসারে, ২০০৯ থেকে গত বছরের নভেম্বর মাসের মধ্যে ৭৫ হাজার ৭৪৮ জন বাংলাদেশি কাজের জন্য ইরাকে গেছেন।