‘আতিকের বিরুদ্ধে তাবিথের অভিযোগের সত্যতা মেলেনি’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২৩

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে। গত ৪ জানুয়ারি বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল রিটার্নিং কর্মকর্তার কাছে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন। এই অভিযোগের সঙ্গে তাবিথ সেদিন আতিকুল ইসলামের প্রচারণার ছবিও জমা দেন। তার পরিপ্রেক্ষিতে গত ৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান আশিককে ঘটনাটি তদন্ত করে ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। সে অনুযায়ী তদন্ত করে ঘটনার সতত্যা পাওয়া যায়নি বলে প্রতিবেদন পাঠিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে উত্তরের রিটার্নিং অফিসার আবুল কাসেম ইত্তেফাককে বলেন, সেখানে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আমাকে তদন্ত প্রতিবেদন দিয়ে জানিয়েছেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে তাবিথের আনা অভিযোগের সতত্যা মেলেনি। তবে আতিকুল ইসলামকে বিধি ভঙ্গ করে নির্বাচনী ক্যাম্প স্থাপনের জন্য যে শোকজ করা হয়েছে তার জবাব বুধবার পাওয়া যাবে। তাবিথের অভিযোগ এবং আতিকের শোকজ দুটি আলাদা ঘটনা বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট লিখেছেন, যে চারটি ছবি অভিযোগের সঙ্গে দেওয়া হয়েছিল তার মধ্যে দুইটি ছবিতে তারিখ ও সময় দেওয়া ছিল, সেখানে আতিকুল ইসলামকে দেখা যায়নি। যেগুলোতে তারিখ নেই সেই গোলচিহ্ন দেওয়া ছবিতে আতিকুল ইসলামকে দেখা গেছে। সেখানে অভিযোগে উল্লেখিত স্থানে দোকান ও লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু গুলশান পার্ক এলাকায় ৯টা পর্যন্ত মিছিল-মিটিং সংগঠিত হয়নি। চার জন ব্যক্তির লিখিত বক্তব্যও নেওয়া হয়েছে। ফলে তাবিথ আউয়ালের অভিযোগটি সত্য নয় মর্মে প্রমাণিত হয়েছে।