ভারতে সাত বছরেরও বেশি আগে চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার মামলায় গতকাল দোষীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। এই ঘটনায় নিহত তরুণী ‘নির্ভয়া’ নামে পরিচিতি পেয়েছিল। আর চাঞ্চল্যকর সেই মামলার পর ভারতে বদলে গিয়েছিল ধর্ষণের সংজ্ঞা ও শাস্তিও। খবর বিবিসির
আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় ঐ মামলায় দোষী সাব্যস্ত চার ব্যত্তি—পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর সিংহকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে আদালত। এর আগে নির্ভয়ার পরিবার যত দ্রুত সম্ভব দোষীদের ফাঁসি কার্যকর করতে পাতিয়ালা হাউজ কোর্টে আর্জি জানিয়েছিল। তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আর্জিও জানিয়েছিলেন নির্ভয়ার মা-বাবা। গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি শুরু হলে ৭ জানুয়ারি পর্যন্ত রায় রায় স্থগিত রাখেন অতিরিক্ত দায়রা বিচারক সতীশ অরোরা। সেসময় আদালতের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন নির্ভয়ার মা আশা দেবী। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করেছিল ঐ চার জন।
