বরিশালে নভোথিয়েটার নির্মাণসহ সাত প্রকল্প একনেকে অনুমোদন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২৬

নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করাসহ সাধারণ জনগণের মধ্যে বিজ্ঞান সম্পর্কিত ধারণা প্রদান করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

গতকাল শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ৪১২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছর কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সভাশেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। সভায় ১১০৪২ কোটি টাকা ব্যয়সংবলিত মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ১১৯০ কোটি টাকা ব্যয়ে ঢাকা জোনের জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের আওতায় বিভিন্ন পয়েন্টে বিদ্যমান ৭৮টি বেইলি সেতু ও আরসিসি সেতু প্রতিস্থাপন এবং তিনটি আরসিসি স্লাব সেতু নির্মাণ করবে।

প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের যেকোনো ব্রিজের গোড়া বা আশপাশ থেকে বালু না তুলতে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাছাড়া যেসব বেইলি ব্রিজ অপসারণ করা হবে সেগুলো ফেলে না রেখে অকশনে বিক্রির নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সেতুর আশপাশে নদীতে নাব্যতা রক্ষা করতে হবে।

সভায় ৮৮৫০ কোটি  টাকা ব্যয়ে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে অগভীর নলকূপ ৯০ হাজার ৬৩৬টি, গভীর নলকূপ ১ লাখ ২৩ হাজার ৮৭৭টি, বৃষ্টির পানি সংরক্ষণাগার, কমিউনিটিভিত্তিক পানি সরবরাহসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকাতেও পাইপ লাইনে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—১৩৫ কোটি  টাকা ব্যয়ে সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়কের সিংড়া অংশের সড়ক বাঁধ উঁচুকরণসহ পেভমেন্ট পুনঃনির্মাণ ও প্রশস্তকরণ প্রকল্প, ১৩০ কোটি টাকা ব্যয়ে পুঠিয়া-বাগমারা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ২৮৩ কোটি টাকা ব্যয়ে সুগন্ধা নদীর ভাঙন হতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) রক্ষার্থে ৩ দশমিক ৭ কিলোমিটার নদীতীরে স্থায়ী রক্ষাপ্রদ কাজ প্রকল্প এবং ১২৬ কোটি  টাকা ব্যয়ে নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ (প্রথম সংশোধিত) প্রকল্প।