দীপিকার জেএনইউ যাওয়া নিয়ে টুইটারে দ্বন্দ্ব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫০

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) দীপিকা পাড়ুকোনের যাওয়া নিয়ে টুইটারে শুরু হয়েছে নতুন বিতর্ক। দীপিকার পক্ষে এবং বিপক্ষে টুইটারে পোস্ট করে দ্বন্দ্বে জড়াচ্ছেন অনেকেই। #ISupportDeepika এবং #BoycottChhapaak থেকে শুরু করে #shameonbollywood এমন অনেক হ্যাশ ট্যাগ দিয়ে পোস্ট করছে ভারতীয়রা।

দিল্লিতে ‘ছাপাক’ মুভির প্রচারণার জন্য এসেছিলেন দীপিকা। জেএনইউ হামলা হবার পর বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এ সময় জেএনইউ ইউনিয়ন প্রধান আয়েশা ঘোষের পাশে দাঁড়িয়ে তার একটি ছবিকে কেন্দ্র করে নেটজেনরা দারুণ প্রশংসা করেন দীপিকার। আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন দীপিকা এমন খবরও প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই বলিউড তারকাকে।

জেএনইউ হামলা ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে মুখ খোলেননি বলিউডের অধিকাংশ প্রথম শ্রেণীর অভিনয় শিল্পী। আর সেখানেই ব্যতিক্রমী দীপিকা। অবশ্য বলিউড পাড়ার অনুরাগ কাশপ, বিশাল ভারডওয়াজ ও রিচা চাড্ডা জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু মূলধারার বলিউড তারকাদের কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সেটা নিয়েও সমালোচনার ঝড় বইছে নেটজেনদের মাঝে। এনডিটিভি।

দীপিকা পাড়ুকোনের বিরোধিতা করেও পাওয়া যায় বেশ কিছু টুইটার পোস্ট।

ইত্তেফাক/আরএ