সম্মাননার আনন্দে ডি এ তায়েব

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২০:২২

 

চতুর্থবারের মতো মহা পুলিশ পরিদর্শক পদকে ভূষিত হলেন ডি এ তায়েব। শুধু চিত্রনায়ক হিসেবে নয়, ডি এ তায়েব বাংলাদেশ পুলিশ বাহিনীরও জনপ্রিয় একটি নাম। সম্প্রতি তার দুটি চলচ্চিত্র ‘সোনাবন্ধু’ ও ‘অন্ধকার জগত্’ বেশ আলোচিত হয়।

এদিকে পুলিশ বাহিনীর সফলতার কারণে ৪ বার মহা পুলিশ পরিদর্শক পদকে ভূষিত করে মেধাবী এই পুলিশ পরিদর্শককে।

নিজের কাজ ও সম্মাননা প্রসঙ্গে ডি এ তায়েব বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নিষ্ঠা আর শ্রমের প্রতিদান এই পুরস্কার। আমি আমার সকল ভক্ত -দর্শকদের এই আনন্দ শেয়ার করতে চাই। কারণ প্রশাসনিক কর্মকর্তার বাইরে আমি আপাদমস্তক একজন শিল্পী। তাই আমার ক্যারিয়ারের যেকোনো শাখার সাফল্যই আমার শিল্পী মনকে সমৃদ্ধ করে। আমি আমার প্রতিটি কাজেই নিজস্বতা রেখে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজেই ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এ কারণে আমার অফিস কলিগদের নিয়েও একটি পরিবারের মতো করেই সব কাজকে সামাল দিতে চেষ্টা করি। আগামীতে আরো ভালো কিছু কাজ যাতে উপহার দিতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই।’