বঙ্গবন্ধুর স্কুলে বঙ্গবন্ধু গ্যালারি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৩

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে বঙ্গবন্ধু গ্যালারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালের বিদ্যাপীঠ জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত এ গ্যালারি দেখতে ভীড় জমাচ্ছে শিশুসহ নানা পেশার মানুষ। গ্যালারিতে বঙ্গবন্ধুর বংশ পরিচয়, ছোটো বেলা, ছাত্র জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, মাঠে লড়াই সংগ্রাম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাত্কারের দুর্লভ ছবি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি ৭১ এর মুক্তিযুদ্ধ, গণহত্যা, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখযোগ্য সংবাদ এ গ্যালারিতে স্থান পেয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ ও বঙ্গবন্ধু পরিবারের বেশ কিছু ছবিও রয়েছে এ গ্যালারিতে। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে গ্যালারিটি স্থাপন করেছে।

গত মঙ্গলবার পরিদর্শনে আসা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে জানান দিতেই বঙ্গবন্ধুর বাল্যকালের এ বিদ্যাপীঠে বঙ্গবন্ধু গ্যালারি করা হয়েছে। এটি দেখে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছে।  ৫ম শ্রেণির শিক্ষার্থী রাজ সেন, লিয়াছা তাবাচ্ছুম বলেন, এ থেকে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছি। স্কুলের প্রধান শিক্ষক মো. সিবরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ১৯২৭ সালে এ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন। ১৯৩০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত এ স্কুলে পড়েছেন।