সাতছড়ি জাতীয় উদ্যান
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও এক কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ব্যাপারে ধর্ষণের শিকার ঐ ছাত্রী (১৯) বাদী হয়ে বুধবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জিয়া উদ্দিন মাহমুদ মামলাটি এফআইআর হিসেবে রুজু করে চুনারুঘাট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের আসামি শামীম আহমেদ মামুনের সঙ্গে বৃন্দাবন সরকারি কলেজে অধ্যয়নরত বাদী গত মঙ্গলবার দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় শামীম কৌশলে বাদীকে উদ্যানের নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে সেখানে অবস্থানরত অন্য আসামি ফজলুর রহমান (২৪), আলী হোসেন (২৫), জুনেদ লতিফ (২৭) পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় অপর আসামি আক্কাছ আলী পাহারায় ছিল। পরে বাদী লোকালয়ে এসে চিত্কার করলে সাক্ষীগণ তাকে উদ্ধার করে হবিগঞ্জ নিয়ে আসেন। পরে বাদী আত্মীয়স্বজনদের এ ঘটনা জানায়। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
