মহিলা কলেজে ভর্তির তালিকায় ছয় ছাত্র!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৪

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুর আবাসিক মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তির তালিকায় ছয় ছাত্রের নাম এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নাম রয়েছে। সখীপুর আবাসিক মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এস এম জাকির হোসাইন বলেন, গত ২ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকায় সখীপুর আবাসিক মহিলা কলেজের শূন্য ৪১ আসনে ৪১ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য যোগ্য বলে দেখানো হয়। ঐ তালিকায় ছয় জন ছাত্রের নাম দেখে তিনি হতবাক হন। ঐ ছাত্রদের এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে বলে জানান তিনি। ভুক্তভোগী এক ছাত্র জানান, অনলাইনে আবেদনের সময় মহিলা কলেজের নামে ক্লিক করলে আবেদন গ্রহণ করা হয়েছে। কিন্তু ওয়েবসাইটে ঐ ধরনের ব্যবস্থা থাকলে আবেদন গ্রহণ হতো না। ফলে আমরা হয়তো অন্য কলেজে ভর্তি হতে পারতাম। তারা দ্বিতীয়বার রিলিজের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এদিকে সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ঐ ছাত্রদের বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুলে এমনটা হয়েছে। তবে মহিলা কলেজে তাদের ভর্তির সুযোগ নেই।