রাঙ্গামাটিতে বনভান্তের জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৫

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০১তম জন্মজয়ন্তী উত্সবমুখর পরিবেশে রাজবন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। সপ্তাহব্যাপী চলমান অনুষ্ঠানে ছিল বুধবার শেষ দিন। বুধবার রাত ১২ টা ১ মিনিটে বনভান্তের জন্মদিনের কেক কাটেন ভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির।

মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে সকালে বনভান্তের বিশেষ কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিষ্যমন্ডলি, ভিক্ষু সংঘসহ ভক্ত পুণ্যার্থীরা। এ সময় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো বৌদ্ধ নর-নারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে রাজবন বিহার প্রাঙ্গণে ভিড় জমান।

এরপর বুদ্ধ পতাকা উত্তোলনের পরে সকালে বিহারের পশ্চিম মাঠের মঞ্চে বনভান্তের প্রতিকৃতি মঞ্চে উপবিষ্ট করার মধ্যদিয়ে ব্যাপক ১০১তম জন্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানান দান অনুষ্ঠান ও বনভান্তের জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা।