দিনাজপুর অফিস
চিরিরবন্দরে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, তার স্বামী, একমাত্র ছেলে, ভাগিনা এবং চালক আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সকাল পৌনে ছয়টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের লালদিঘি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুলাল ইসলাম জানান, প্রাইভেটকার যোগে কর্মস্থল খুলনা থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গ্রামের বাড়িতে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লাগলে কারটি দুমড়ে-মুচড়ে গেলে সকলেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিমসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে চিকিত্সাধীনদের খোঁজখবর নেন। বর্তমানে সকলেই আশঙ্কামুক্ত।
