কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক চাপায় হামিদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। হামিদুল উপজেলার চালা শাহবাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাতে সড়ক পার হচ্ছিলেন হামিদুল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী টম্যাটো বোঝাই একটি ট্রাক হামিদুলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হামিদুল ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাকটির হেলপার আহত হন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় হামিদুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
