সুমন্ত বর্মণ
কে না জানে বছর শুরু
জানুয়ারি দিয়ে
বছরটা শেষ? তাও শিখেছি
ডিসেম্বরে গিয়ে।
বারো মাসে একটি বছর
ক্যালেন্ডারেও আছে,
দেখছি এসব ভুল শিখেছি
শিক্ষাগুরুর কাছে।
অবাক হলেন? হইয়েন পরে,
নিন না শুনে আগে
বারো মাসে হয় না বছর,
আঠারোটি লাগে।
আঠারো মাসেতে বছর!
কোথায় এটা মেলে?
কোথায় আবার ফাইলটা নিয়ে
অফিসপাড়া গেলে।
পাঁচ মিনিটের কাজে লাগে
ঘণ্টা দু বা তিন
ঘণ্টা পরিমাণের কাজে
পুরো দুটো দিন।
এই তো অফিস। অন্য রকম
অফিস কোথাও মেলে
লাল ফিতাতে বেঁধে কোনো
ফাইল রাখে না ফেলে?
