পুঁজিবাজার উন্নয়নে পাঁচ সদস্যের তদন্ত কমিটি অর্থ মন্ত্রণালয়ের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারের উন্নয়নের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। জানা গেছে, পুঁজিবাজার উন্নয়নে সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠক করেছে। তাদের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা প্রণয়নসহ সমন্বয়কের ভূমিকা পালন করবে এ কমিটি। এছাড়া বাস্তবায়নের অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে মনিটরিং করে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন।