ফ্লাইওভারে উচ্চ ওজনবাহী গাড়ি চলাচল রোধ করুন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৪৭

কোটি কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যাত্রীদের চলাচলের পথকে সুগম করতে, যানজটমুক্ত করে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দিতে। ফ্লাইওভার সাধারণত যাত্রীবাহী ও হালকা যানবাহন চলাচলের জন্য এবং নির্দেশনাও এরকম। কিন্তু রাজধানীর মগবাজার ফ্লাইওভারটিতে চলছে অবাধে উচ্চ ওজনবাহী বড়ো বড়ো ট্রাক, কাভার্ড ভ্যান, ফুয়েল ট্যাংকার। বহুমুখী এই ফ্লাইওভারটি কাকরাইল, রাজারবাগ, মালিবাগ, মগবাজার, বাংলামটর, কারওয়ানবাজার এবং সাতরাস্তা এলাকার সঙ্গে সংযুক্ত এবং ওঠা-নামা করা যায় অনেকটা অবাধেই। ফ্লাইওভারটি টোলমুক্ত হওয়ায় অনায়াসেই যে কোনো মালবাহী গাড়ি উঠে পড়তে পারে। দিনের বেলায় যেহেতু মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ, রাতের বেলায় চলে এরূপ অনিয়ম। রাতে ট্রাফিক পুলিশের সংখ্যা রাস্তায় কম থাকায় তাদের চোখ ফাঁকি দিতে পারে সহজেই। তাছাড়া ফ্লাইওভারে উঠতে বা নামতে নেই তেমন পুলিশি নজরদারিও। এমনকি কোন গাড়ি উঠতে পারবে এবং কোন গাড়ি উঠতে পারবে না এমন কোনো নির্দেশনা ফলকও নেই ফ্লাইওভারের প্রবেশমুখে। তাই রাতের বেলায় দেদারসে চলছে উচ্চ ওজনবাহী গাড়ি। যাতে কমছে ফ্লাইওভারটির আয়ু। প্রত্যক্ষভাবে ফ্লাইওভারটির কোনো উলে­খযোগ্য ক্ষতি চোখে না পড়লেও পরোক্ষভাবে সাধন হচ্ছে ব্যাপক ক্ষতি। কেননা ফ্লাইওভারটির গঠন কাঠামো অনুযায়ী এর ধারণ ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ২২ টনের মতো। কিন্তু এটি দিয়ে অবাধে চলে যাচ্ছে ২৫ থেকে ৫০ টন পর্যন্ত ওজনবাহী গাড়িও। আর এভাবে চলতে থাকলে ফ্লাইওভারটি নষ্ট হয়ে যাবে খুবই স্বল্প সময়েই। তাই সংশি­ষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, ফ্লাইওভারের মুখে নির্দেশনা ফলক লাগিয়ে এবং বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ করে দ্রুত বহুমুখী এ ফ্লাইওভারটি রক্ষায় পদক্ষেপ নিতে।

তুফান মাজহার খান

ঢাকা