আমরা নেমেছি পথে...

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৫১

ধর্ষণবিরোধী প্রতিবাদী আবৃত্তি

ইত্তেফাক রিপোর্ট

ধর্ষণের প্রতিবাদে কবিতার উচ্চারণে প্রতিবাদ জানালেন নারী আবৃত্তি শিল্পীরা। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে ‘আমরা নেমেছি পথে’ শীর্ষক তিন দিনের এ প্রতিবাদী আবৃত্তি অনষ্ঠানের আয়োজন করা হয়। লুত্ফা বিনতে রব্বানীর কণ্ঠে ‘চিত্কার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়’ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর একে একে আবৃত্তি করেন শান্তা তাওহীদ, মুনমুন খান। এসময় তারা স্বরচিত কবিতাসহ শামসুর রাহমানের ‘দাঁড়িয়ে থাকা মানুষের গান’ কবিতা আবৃত্তি করেন।

আয়োজনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মীর মাসরুর জামান রনি।

গোলাম কুদ্দুছ ধর্ষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগের কথা উল্লেখ করে বলেন, শিক্ষাব্যবস্থায় শিশুদের নৈতিকতা গড়ে তুলতে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শিশুদের দূরে রাখার প্রস্তাব করেন তারা। আহকাম উল্লাহ বলেন, আমাদের জীবনযাপনের প্রক্রিয়া থেকে ‘ধর্ষণ’ শব্দটি মুছে ফেলতে আমরা সংস্কৃতিকর্মীরা দৃঢ়প্রত্যয়ী। ধর্ষণের পর টু ফিঙ্গার টেস্ট বা ধষর্ণের বিচারকাজ কতদূর এগোলো, তার থেকে এখন বড়ো বিষয় হচ্ছে আর কেউ যেন ধর্ষণের শিকার না হয়। ব্যরিস্টার তুরিন আফরোজ বলেন, আমাদের প্রতিবেশী দেশে এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। অথচ আমরা এখনো সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন নিয়ে আছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে ধর্ষণ তদন্ত করার জন্য আলাদা একটি বিশেষায়িত তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব দেন তিনি। আর আমাদের মানসিকতারও পরিবর্তন করা জরুরি। কেননা আমরা রাস্তার ধারের ধর্ষণের খবরগুলো নিয়েই আন্দোলন করি, অথচ আমাদের ঘরেও প্রতিনিয়ত অসংখ্য নারী ধর্ষণের শিকার হচ্ছেন।

আয়োজনে নারীর প্রতি সম্মান জানিয়ে কবিতার শব্দে প্রতিবাদ করেন নারী বাচিক শিল্পীরা। এসময় আবৃত্তিতে আরো অংশ নেন আবৃত্তি শিল্পী তিথি, তামান্না পারভিন ছন্দা, সৈয়দা সালমা শিরিন, শারমিন নাহার, তাহেরা আফরোজ, আফরিন খান, সাবিরা মাহবুব উর্মি, সিফাত সালাম, তানজিয়া তাজিম, খন্দকার শামীমা সুলতানা, তামান্না তিথি, জেবুন নেসা খানম প্রমুখ।