টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর মেঘনা রোড এলাকার অ্যামট্রানেট গ্রুপের ব্র্যাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচার লিমিটেড নামে একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ পোশাককর্মীরা হলেন ইসমত আরা, শাবনুর, রুমা আক্তার, মুনিয়া আক্তার, আরজিনা, মনিরা, আসমা, আলেয়া বেগম, পারুল আক্তার, তাসলিমা, মনি আক্তার, চামেলি বেগম, সুমি আক্তার, সাফিয়া, সখিনা বেগম, মমতাজ বেগম, বানু আক্তার, শিল্পী বেগম প্রমুখ।
কারখানার সুইং অপারেটর আলেয়া বেগম, মনি আক্তার, সুমি আক্তার ও মমতাজ বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের এক সহকর্মী ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বের হয়ে কাঁপতে থাকেন এবং ফ্লোরে পড়ে যান। তাকে দেখতে এসে অন্যরাও ঐ ওয়াশরুমে গেলে একে একে সবাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। খবর পেয়ে অপর সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অ্যামট্রানেট গ্রুপের জনসম্পদ কর্মকর্তা মো. সুজন মাহমুদ বলেন, যে ওয়াশরুম থেকে শ্রমিকেরা পানি নিচ্ছিলেন, সেখানকার জানালা ছিল খোলা। তাই পাশের আউট স্ট্রিম চিমনির গ্যাস বাতাসের সঙ্গে ওয়াশরুমে প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন। অসুস্থ শ্রমিকদের যথাযথ চিকিত্সাসেবা চলছে। এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাসুদ রানা বলেন, কী কারণে তাদের এমন সমস্যা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। তারা সবাই শঙ্কামুক্ত।
