ইত্তেফাক রিপোর্ট
মাত্র ২০ বছর বয়সে চলে গেলেন মেধাবী মুখ নাবিহা রাইদা। তিনি ফেয়ার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুবের একমাত্র কন্যা। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বাংলাদেশে ফ্যাক্টরি করেছে ফেয়ার গ্রুপ। রাইদা নিজেও ফেয়ার গ্রুপের পরিচালক ছিলেন। গত ৪ জানুয়ারি রাইদা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাসভবনে ঘুমের মধ্যে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে ফেয়ার গ্রুপসহ দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী রাইদা ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, সিঙ্গাপুরের অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, স্টামফোর্ড আমেরিকান, যুক্তরাষ্ট্রের মারভেলউড স্কুল থেকে শিক্ষা শেষ করে যুক্তরাষ্ট্রেই উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়েই তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
গতকাল বুধবার সকালে রাইদার মরদেহ ঢাকায় পৌঁছে। দুপুরে নামাজে জানাজার জন্য গুলশানের আজাদ মসজিদে নেওয়া হলে সেখানে তথ্যপ্রযুক্তি অঙ্গনের বিশিষ্টজন ছুটে যান। আজাদ মসজিদ থেকে রাইদার মরদেহ ব্রহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় নরসিংদীতে ফেয়ার একাডেমিতে। তৃতীয় নামাজে জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে আজ তাকে দাফন করা হবে।
