আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্য ভাষণে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক ইস্যুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, আসলে প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন, সত্য কথা বলার সত্ সাহস তার আছে। ভুলভ্রান্তি স্বীকার করার সত্ সাহস প্রধানমন্ত্রীর আছে। যেখানে অপরাধ হয়েছে তিনি সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।
‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতির আশা পূরণ হয়নি’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভাষণের সবকিছু এই পরিসরে বলা সম্ভব নয়। উনি যে বিষয়গুলো বলা দরকার, যেমন দুর্নীতি নিয়ে বলেছেন। সারা দুনিয়াতে দুর্নীতি আছে, আমাদের দেশেও আছে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না। এই যে অঙ্গীকার নিয়ে জাতির কাছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি অঙ্গীকার করেছিলেন মানুষের হক যাতে কেউ কেড়ে নিতে না পারে, সেটা তিনি বাস্তবায়ন করে চলেছেন। তিনি বলেছেন, আমি আপনাদের হয়ে থাকতে চাই। তার মানে আপনাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমি আছি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, তার প্রধান লক্ষ্য তরুণদের কর্মসংস্থান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ হচ্ছে। আমরা আমাদের যা করণীয় তা করে যাব, দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজেই ভবিষ্যত্ সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি, এটা ঠিক নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জড়িতকে গ্রেফতার করা হয়েছে। এখন হয়তো আরো কথা আসবে, এটার মোটিভ কী, তা এখনো পুরোপুরি জানা যায়নি। এই মুহূর্তে স্বস্তির বিষয় হচ্ছে মূল ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি গ্রেফতার হয়েছে।
