ইভিএম নিয়ে বিএনপির অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ইভিএমে ভোট হলে ভোটারদের মধ্যে কোনো ভীতি থাকবে না। ইভিএমে ভোট হলে কখনো একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। ইভিএম নিয়ে যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু অভিযোগের ভিত্তি আছে কি না, দেখতে হবে। চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন উপলক্ষ্যে গতকাল বুধবার স্থানীয় সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কোনো সংঘাত নেই উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কমিশনে জমা হওয়া অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হয়েছে। আমরা সেগুলো দেখে ব্যবস্থা নেবো। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমানো হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ ফোর্স রাখা হবে।
সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতের ভোটার দিবসে
যোগ দিচ্ছেন সিইসি
স্টাফ রিপোর্টার জানান, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের এক সপ্তাহ আগে ভারতের জাতীয় ভোটার দিবসে যোগ দিতে দেশ ছাড়ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একজন নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের উচ্চপর্যায়ের টিম নিয়ে ভারত সফরে যাচ্ছেন সিইসি। এই সফরে তিনি সভাপতি হিসেবে ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবুসা) বৈঠকেও যোগ দেবেন। ইসির উপসচিব মো. শাহ আলম সিইসির সফরসংক্রান্ত একটি অফিস আদেশ এরই মধ্যে জারি করেছেন। এতে বলা হয়েছে, সিইসির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সফর করবে।
