গাজীপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:২২

গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গাজীপুর মহানগরীর হাড়িনাল উত্তরপাড়া এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরা হলেন ঐ এলাকার মৃত শাহজাহান মিয়ার স্ত্রী বুকল আক্তার (৫৫) ও জর্ডান প্রবাসী মেয়ে আঁখি আক্তার (২৮)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, মঙ্গলবার রাতে মা ও মেয়েকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, আট দিন আগে মেয়ে আঁখি আক্তার জর্ডান থেকে দেশে ফেরেন। জর্ডানে আঁখি অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তার মা বুকল আক্তার মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে পাবনায় মানসিক হাসপাতালে কিছুদিন আগে চিকিত্সাও দেওয়া হয়। রাতে আঁখি অসুস্থ হয়ে পড়লে তাকে ছোটো বোন লাকি আক্তার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক আঁখিকে মৃত ঘোষণা করেন। বোনের লাশ হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন লাকি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।